ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা কার ছিল তা হয়তো কখনোই জানা যাবে না: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ইরানে সামরিক সংঘাতের প্রথম দিনে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হওয়া ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃত দায় কার, তা হয়তো কখনোই নিশ্চিতভাবে জানা যাবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৪ জুন) প্রাণঘাতী ওই হামলা নিয়ে রহস্য বহাল রেখেই তিনি এমন সংশয় প্রকাশ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনে মিনাবের শাজারেহ তায়িবা বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরানি কর্মকর্তাদের তথ্যমতে, ওই হামলায় ১৭৫ জনেরও বেশি শিশু শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন।

পরবর্তীতে মার্চ মাসে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি প্রাথমিক অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে এই হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী। এরপর পেন্টাগন তদন্তের পরিধি বাড়ালেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেনি।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমি জানি না তারা এই বিষয়ের সমাধান করতে পারবে কি না। কার দোষ ছিল, সেটা হয়তো কখনোই নিশ্চিতভাবে বলা যাবে না। কারণ তখন চারদিকে ক্ষেপণাস্ত্র ছুটছিল। যা ঘটেছে তা অবশ্যই ভয়াবহ, কিন্তু সেসময় সর্বত্রই ক্ষেপণাস্ত্র উড়ছিল।”

তিনি আরও যোগ করেন, “কেউ কেউ বলছে এটা আমাদের ক্ষেপণাস্ত্র ছিল। কিন্তু হয়তো তা ছিল না। এটা আমাদের করা—এমনটা বিশ্বাস করার মতো কোনো প্রমাণ আমি দেখিনি। আমার মনে হয় না আমরা এটা করেছি।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, মিনাবের ওই হামলাটি সম্ভবত যুক্তরাষ্ট্রের পুরোনো টার্গেটিং তথ্য (ভুল স্থানাঙ্ক) ব্যবহারের কারণে ঘটেছে। এই ঘটনার পর বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং জাতিসংঘের মানবাধিকার কার্যালয় একে 'সম্পূর্ণ ভয়াবহ' বলে বর্ণনা করে।

শুরুতে ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই এই ঘটনার জন্য ইরানকে দায়ী করলেও পরে সুর নরম করে বলেন, তিনি বিষয়টি পুরোপুরি জানেন না এবং তদন্ত চলছে। তবে কেউ ইচ্ছাকৃতভাবে স্কুলে হামলা করেনি বলে তিনি দাবি করেন।

সূত্র: রয়টার্স

তাসনিম হোসেন