চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক এবং ২টি চুক্তি স্বাক্ষর হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এসব চুক্তি সম্পাদিত হয়।
চীনের স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এর আগে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ১৩টি সমঝোতা স্মারক দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আগামীকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করা, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়া এবং চীনা বিনিয়োগ বৃদ্ধি করা। এছাড়া কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করাও সফরের অন্যতম উদ্দেশ্য।