ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় উদ্ধার তৎপরতায় সহায়তা করতে বিশেষ উদ্ধারকারী দল পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা জোরদার করা হচ্ছে।

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর জরুরি পরিস্থিতি মোকাবিলা ইউনিটের ৫৪ জন সদস্য উদ্ধার অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই বিশেষ দলে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর রয়েছে, পাশাপাশি আধুনিক উদ্ধার সরঞ্জাম যুক্ত করা হয়েছে। এর মধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ শনাক্তে সক্ষম উদ্ধার ক্যামেরা ও ভূকম্পন শনাক্তকারী যন্ত্র (জিওফোন) অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে নেদারল্যান্ডসও ভেনেজুয়েলায় একটি বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে। দেশটি এ উদ্দেশ্যে প্রায় ২০ লাখ ইউরো বরাদ্দ করেছে। পরিকল্পনা অনুযায়ী, উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত ভেনেজুয়েলায় পাঠানো হবে।

ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক সংকট দেখা দিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন। পরিস্থিতি আরও জটিল হওয়ায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

 

তাসনিম হোসেন