মামলাজট কমিয়ে বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে চলমান বিশেষ উদ্যোগের অংশ হিসেবে হাইকোর্ট বিভাগে একদিনে ৩ হাজার ৪০৯টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ৩ হাজার ৯টি পুরোনো ফৌজদারি মিস মামলা এবং রিট মোশন বেঞ্চগুলোতে ৪০০টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি করা হয়। বিষয়টি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই উদ্যোগ শুরু হওয়ার পর গত পাঁচ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) হাইকোর্ট বিভাগে মোট ১৮ হাজার ১৮১টি পুরোনো ফৌজদারি মিস মামলা এবং ৫ হাজার ৯৬৮টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ পর্যন্ত সব মিলিয়ে মোট ২৪ হাজার ১৪৯টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।
এ কার্যক্রম প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে পরিচালিত হচ্ছে। উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলা নিষ্পত্তি করে বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিচার ব্যবস্থার গতি বাড়ানো।
প্রসঙ্গত, গত ৭ মে থেকে প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে এই বিশেষ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।