উন্নয়ন প্রকল্প মনিটরিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৯:১৮ পিএম

উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে বিশেষ ড্যাশবোর্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রকল্পের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর কাকরাইলে দি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত প্রস্তাবিত বাজেটবিষয়ক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রতিদিন ড্যাশবোর্ডে হালনাগাদ থাকবে। এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের গতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি ৮০ শতাংশ প্রকল্প কাজ সম্পন্ন করা যায়, তবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, সরকার বাজেট কাঠামোয় পরিবর্তন আনার চেষ্টা করছে এবং অর্থনীতির গণতন্ত্রায়ণের ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে দেশের সব শ্রেণির মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে। অতীতে একটি নির্দিষ্ট গোষ্ঠী বেশি সুবিধা পেলেও বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ বলেন, আগামী অর্থবছরে সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ইতিবাচক হলেও উচ্চ করহার ও সুদের হার ব্যবসা-বাণিজ্যের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি নীতি সুদহার কমানোর আহ্বান জানান, না হলে বেসরকারি বিনিয়োগ ও অর্থনৈতিক গতি বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেন।

সভায় অর্থনীতিবিদ, গবেষক ও শিক্ষাবিদেরা প্রস্তাবিত বাজেট, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

তাসনিম হোসেন