রায়পুরে খাল পরিষ্কারে বিডি ক্লিন ও ট্রাস্টের যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

ছবি: প্রজন্ম ২৪

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে এক নজিরবিহীন ও বিশাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের বিশেষ উদ্যোগে এবং দেশজুড়ে সমাদৃত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন বাংলাদেশ’-এর সার্বিক সহযোগিতায় এই যৌথ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (৪ জুলাই) রায়পুর উপজেলার ডাকাতিয়া নদী সংলগ্ন খালের একটি বড় অংশে এই কার্যক্রম চালানো হয়।

পরিবেশ সুরক্ষায় আয়োজিত এই ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযানের আওতায় রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কাজী হাসানুজ্জামান-অজিউল্যাহ মাদ্রাসা সংলগ্ন ডাকাতিয়া নদীর খালের একাংশ পুরোপুরি আবর্জনা মুক্ত করা হয়। দীর্ঘ দিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য অপসারণের মাধ্যমে এই খালটিকে আগের রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

এই জনকল্যাণমূলক সামাজিক অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেহেদী হাসান কাওছার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহৎ কাজের সাথে সংহতি প্রকাশ করেন রায়পুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জনাব নিজাম উদ্দিন ভূঁইয়া এবং প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ভূঁইয়া। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

অভিযানের উদ্বোধনকালে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, "নদী, নালা এবং খাল-বিল হলো আমাদের প্রকৃতির প্রাণ ও ফুসফুস। এগুলোকে সব ধরনের দূষণ এবং ময়লা-আবর্জনা মুক্ত রাখা আমাদের সকলের মৌলিক নাগরিক ও নৈতিক দায়িত্ব। তরুণ প্রজন্ম, বিশেষ করে শিক্ষার্থীদের এই পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ আগামী দিনে আমাদের একটি সুস্থ, রোগমুক্ত ও সুন্দর পরিবেশ বিনির্মাণে বিশাল ভূমিকা রাখবে।"

বক্তারা কেবল ক্ষণিকের জন্য পরিষ্কার করার চেয়ে দীর্ঘমেয়াদী সচেতনতার ওপর বেশি জোর দিয়ে আরও বলেন, "শুধু একদিন পরিষ্কার করলেই খালের বা পরিবেশের সমস্যার স্থায়ী সমাধান হবে না। যেখানে-সেখানে প্লাস্টিক ও পচনশীল ময়লা ফেলা সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং একই সাথে আমাদের নিজেদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন করতে হবে। তবেই আমাদের চারপাশ পরিচ্ছন্ন থাকবে।"

এই বিশাল অভিযানে অংশ নেন ‘বিডি ক্লিন’-এর একঝাঁক প্রাণবন্ত তরুণ স্বেচ্ছাসেবী। তাঁদের সাথে যোগ দেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কয়েকশ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। অভিযানে খালের তলদেশ ও পার থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক বোতল, পলিথিন ও অন্যান্য পরিবেশ বিনষ্টকারী বর্জ্য সফলভাবে অপসারণ করা হয়। এ সময় বর্জ্য অপসারণের পাশাপাশি তারা খালের দুই পাড়ের বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং যেখানে-সেখানে ময়লা না ফেলে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার জোরালো আহ্বান জানান। তরুণদের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়পুরের স্থানীয় বাসিন্দারা।

তাসনিম হোসেন