মিশর-আর্জেন্টিনা বিতর্কের পর ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৮ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা–মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন সিদ্ধান্ত জানিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার বোস্টনে অনুষ্ঠিত ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেয়ো।

শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের লড়াইয়ে দায়িত্বে ছিলেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সেই ম্যাচে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে মিশরীয় শিবির অসন্তোষ প্রকাশ করে। বিশেষ করে একটি বাতিল হওয়া গোল ও পেনাল্টির দাবিকে ঘিরে তৈরি হয় বিতর্ক।

অন্যদিকে, ম্যাচের আগে একজন ফরাসি রেফারিকে আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব দেওয়ায় প্রশ্ন তুলেছিল আর্জেন্টিনার কয়েকটি গণমাধ্যমও। দেশটির প্রভাবশালী দৈনিক ‘লা নাসিওন’ শিরোনাম করেছিল, ‘অবাক করার মতো সিদ্ধান্ত, তিনি ফরাসি আর ফ্রান্স তো আর্জেন্টিনার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী।’

এমন পরিস্থিতিতে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে একজন আর্জেন্টাইন রেফারির নিয়োগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, বড় ম্যাচে রেফারি নিয়োগের ক্ষেত্রে ভারসাম্য রাখতেই ফিফার এই সিদ্ধান্ত। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আর্জেন্টিনা ও ফ্রান্সের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয় ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পর। সেই ঐতিহাসিক ম্যাচে ৩-৩ সমতার পর টাইব্রেকারে জয় পেয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

৪৪ বছর বয়সী ফাকুন্দো তেয়ো দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি। কোপা লিবার্তাদোরেসের ফাইনালসহ বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এটি তার দ্বিতীয় বিশ্বকাপ। এবারের আসরে তিনি দক্ষিণ আফ্রিকা–দক্ষিণ কোরিয়া এবং কানাডা–বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ পরিচালনা করেছেন।

চোটের কারণে চলতি বছর কিছুদিন মাঠের বাইরে ছিলেন তেয়ো। বিশ্বকাপ প্লে-অফে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও জ্যামাইকার ম্যাচ পরিচালনার সময় পায়ে আঘাত পাওয়ায় একটি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করতে পারেননি তিনি। তবে সুস্থ হয়ে এবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে বাঁশি হাতে ফিরছেন এই আর্জেন্টাইন রেফারি।

তাসনিম হোসেন