ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টে

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৮ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম

আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা তদন্তের দাবি জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বিশ্বকাপ ফুটবলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার একদল ইউরোপীয় আইনপ্রণেতা এ বিষয়ে তৎপরতা শুরু করেছেন।

এপি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের ফুটবল সংস্থার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ফিফার কথিত পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেওয়া এবং আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউরোপীয় নীতিনির্ধারকদের মতে, বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে বালোগান সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন তারা।

এই ঘটনার সূত্রপাত হয় গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার একটি ম্যাচকে কেন্দ্র করে। ওই খেলায় বালোগান সরাসরি লাল কার্ড দেখেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সিদ্ধান্তকে অন্যায্য বলে মন্তব্য করেন। এরপর ফিফা বিশেষ আইনি ব্যবস্থার মাধ্যমে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে।

খবর রয়েছে, এ বিষয়ে ট্রাম্প ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন এবং সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানান। এর পর থেকেই ফিফার সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা শুরু হয়।

ফিফার এই সিদ্ধান্তে ইউরোপের ফুটবল অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা করেছে। সংস্থাটি ঘটনাটিকে নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে।

এদিকে, ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন ম্যাচে ফিফা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রেফারিদের ভূমিকা নিয়েও যে অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। পাশাপাশি খেলার ফলাফলে রাজনৈতিক প্রভাব, পৃষ্ঠপোষকতা সংক্রান্ত বিষয় এবং অন্যান্য বিতর্কও তদন্তের আওতায় আনা হবে।

 

তাসনিম হোসেন