স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে?

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে দেখা হবে দুই পরাশক্তির।

ফাইনালকে ঘিরে উত্তেজনার মধ্যেই নিজেদের পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা সুপার কম্পিউটার। তাদের বিশ্লেষণে নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে রাখা হয়েছে স্পেনকে।

অপটার তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২৯.৪ শতাংশ। অন্যদিকে ম্যাচ অতিরিক্ত সময়ে বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৫.৪ শতাংশ

তবে ফুটবল বিশ্লেষকদের মতে, পরিসংখ্যান কখনোই ম্যাচের চূড়ান্ত ফল নির্ধারণ করে না। চলতি বিশ্বকাপে অপটার বেশ কিছু পূর্বাভাস সঠিক হলেও সেমিফাইনালে তাদের অনুমান পুরোপুরি মেলেনি। তাই অনেক সমর্থকের বিশ্বাস, ফাইনালের ভাগ্য নির্ধারণ করবে মাঠের পারফরম্যান্সই।

এবারের ফাইনালে আর্জেন্টিনার সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের হাতছানি লিওনেল মেসিদের সামনে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।

একদিকে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের আবেগ, অন্যদিকে তরুণ ও দুর্দান্ত ছন্দে থাকা স্পেন—সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবল বিশ্বে বিরাজ করছে তুমুল উন্মাদনা। পরিসংখ্যান স্পেনকে সামান্য এগিয়ে রাখলেও শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাসেই।

তাসনিম হোসেন